ক্লাব ছাড়তে চেয়েছিলেন, স্কোয়াডেই জায়গা হলো না রিশার্লিসনের

অনলাইন ডেস্ক
টটেনহ্যামে রিশার্লিসনের অধ্যায় শেষের পথে- এমন গুঞ্জনের মধ্যেই বড় সিদ্ধান্ত নিল লন্ডনের ক্লাবটি। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম ভাগের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। ফলে অন্তত জানুয়ারি পর্যন্ত ইংল্যান্ডের শীর্ষ লিগে টটেনহ্যামের হয়ে মাঠে নামার সুযোগ থাকছে না ২৯ বছর বয়সী এই তারকার।

গত সপ্তাহেই টটেনহ্যামের কোচ রবের্তো দে জের্বি জানিয়েছিলেন, ক্লাব ছাড়তে চান রিশার্লিসন। তার সাবেক ক্লাব এভারটনে ফেরার সম্ভাবনাও জোরালো হয়েছিল। তবে গত মঙ্গলবার ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে কোনো চুক্তি সম্পন্ন না হওয়ায় টটেনহ্যামেই থেকে যেতে হয় তাকে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মৌসুমের পরিকল্পনায় রিশার্লিসনকে রাখা হচ্ছে না- এ কথা আগেই ক্লাবের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল।

২০২২ সালের গ্রীষ্মে এভারটন থেকে টটেনহ্যামে যোগ দেন রিশার্লিসন। এরপর গত দুই মৌসুমে দলটি কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ছিলেন তাদের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। গত মৌসুমে অবনমন থেকে কোনোমতে বেঁচে যায় টটেনহ্যাম। শেষ দিনে জয় নিয়ে শীর্ষ লিগে টিকে থাকার নিশ্চয়তা পায় তারা। সেই বাজে সময়ের মধ্যেও দলের হয়ে লিগে সর্বোচ্চ ১১ গোল করেন রিশার্লিসন। ৩২ ম্যাচে তার গোলের সঙ্গে ছিল চারটি অ্যাসিস্ট।

টটেনহ্যামের সঙ্গে চুক্তির শেষ বছরে রয়েছেন এই ব্রাজিলিয়ান। তাই এখন তার সামনে ক্লাব ছাড়ার আরেকটি সম্ভাবনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই তুরস্ক অথবা সৌদি আরবের কোনো ক্লাবে যোগ দিতে পারেন তিনি। কারণ ইউরোপের বেশির ভাগ লিগের ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও তুরস্ক ও সৌদি আরবে তখনও খেলোয়াড় নিবন্ধনের সুযোগ খোলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights