ক্লাস বর্জনের ডাক দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ত্যাগ করেন তারা।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সোয়া ১২টায় নতুন কর্মসূচি ঘোষণা করেন ব্লকেড কর্মসূচির অন্যতম সংগঠক মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ।

তিনি কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বুধবার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনের আহ্বান জানান।

পাশাপাশি সকল ক্যাম্পাসে প্রতীকী অনশন এবং অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দেন তিনি। এছাড়া বুধবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কেন্দ্রীয় বিক্ষোভ সমাবেশের ডাক দেন তিনি।

এর আগে মঙ্গলবার রাত পৌনে ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি শুরু করেন। রাত ১১টার পর তাদের সঙ্গে বুয়েটের শিক্ষার্থীরাও যুক্ত হন।

পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীরা শাহবাগ চত্বরের চারপাশে অবস্থান নেন। অবস্থান থেকে শিক্ষার্থীরা কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে নানা স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights