ক্ষতিকর ভারতীয় প্রকল্প বাতিল করুন
অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের চেষ্টা ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে আমাদের সদা জাগ্রত থাকতে হবে। সরকারের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের বলব- ভারতের বিরুদ্ধে হুংকার দেওয়াই যথেষ্ট নয়, বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভারতের সুনির্দিষ্ট যেসব প্রকল্প আছে, সেগুলো বাতিল করার ব্যবস্থা করতে হবে। গতকাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরুর আগে তিনি এসব কথা বলেন। ‘৭১ থেকে ২৪ বিজয়ের লড়াই : ৫৩ বছরের সকল লড়াইয়ের স্মৃতি যাপনে পদযাত্রা’ আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি। পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, অনেকে ভারতের বিরুদ্ধে কথা বলছেন কিন্তু বাংলাদেশের জন্য ক্ষতিকারক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল করার কথা বলছেন না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার অর্থায়নে করা হলেও এটি ভারতের ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে। ভারতের আধিপত্য এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মধ্যেও আছে। এসব ভয়ংকর প্রকল্প বাতিল করতে হবে। পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধের দাবি জানাই। তিনি বলেন, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান যে কোনো বহিরাগত শাসকশ্রেণির আধিপত্য এই দেশ গ্রহণ করবে না। যারা ক্ষমতায় আছেন তাদের বৈষম্যহীন বাংলাদেশের এই ক্ষেত্রগুলোতে যথাযথ ভূমিকা রাখতে হবে। সরকার গঠনের দুই মাসের মধ্যে আমরা সরকারের আশু করণীয় কাজের তালিকা করে সরকারকে জানিয়েছি। তিন মাস পর তার পর্যালোচনা করেছি। ছয় মাস পরে আমরা আবারও পর্যালোচনা করব। এই অর্থনীতিবিদ আরও বলেন, দেশের কোনো সংখ্যালঘু বা কোনো মানুষ যেন নিপীড়নের শিকার না হয় সেটি সরকারকে নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকান্ডের বিচারের পাশাপাশি যারা মব ভায়োলেন্স, জোরজবরদস্তি করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে।
