খাগড়াছড়িতে কৃষকদের মাঝে নিড়ানি ও স্প্রেয়ার বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি ব্রি আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সদর কমলছড়ি ব্লকের পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে ‘স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন’ (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে কৃষক পর্যায়ে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শুক্রবার পাইলটপাড়া প্রযুক্তি গ্রামের কৃষকদের মাঝে কৃষি নিড়ানি যন্ত্র ‘ব্রি রাইস উইডার’ ও ‘ন্যাপস্যাক স্প্রেয়ার’ প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে ব্রি আঞ্চলিক কার্যালয় খাগড়াছড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান শাওনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামের আদর্শ কৃষক অনুপম চাকমা।

খাগড়াছড়ি ব্রি আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, পাইলটপাড়া প্রযুক্তি গ্রামের কৃষকদের জীবনমান ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে ব্রি আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ি কাজ করে যাচ্ছে। আধুনিক ধান চাষাবাদ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিকে আরও বেশি লাভজনক করা সম্ভব এবং দেশে খাদ্য নিরাপত্তা অর্জনে কৃষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি নিড়ানি ও স্প্রেয়ারের ব্যবহার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

উল্লেখ্য, পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে ৬০ একর জমিতে ব্রি উদ্ভাবিত আধুনিক ধানের জাতের প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন, কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ, বীজ সহায়তা কার্যক্রম এবং ৬টি গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করেছে ব্রি আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights