খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পানি বৃদ্ধি, পাহাড়ি ঢলে ৬০০ পরিবার পানিবন্দি

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে হঠাৎ চেঙ্গি নদীর পানি বৃদ্ধি এবং পাহাড়ি ঢলে ছয়টি এলাকা পানিতে প্লাবিত হয়েছে। এতে প্রায় ৬০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি জেলাসদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়।

প্লাবিত এলাকাগুলো হল: খাগড়াছড়ি পৌর শহরের সবজি বাজার, মুসলিম পাড়া, গঞ্জপাড়া, গরুবাজার, শান্তিনগর, মেহেদীবাগ হেডমেন পাড়া, ফুট বিল এলাকা, শব্দমিয়া পাড়া, খবংপুরিয়া। এসব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গত রাতের ভারী বৃষ্টিপাতের কারণে সকালে ঘুম থেকে ওঠার পর পানি বৃদ্ধি লক্ষ্য করা যায়। প্রশাসন স্থানীয় স্কুল ও মাদ্রাসা গুলোতে মাইকিং করে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বলেন, “৬ শতাধিক পরিবার পানিতে ডুবে গেছে। তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে গেলে আমরা খাবারের ব্যবস্থা করব।”

পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, “এখনো আশ্রয় কেন্দ্রে সকল লোক উঠেনি, তবে উঠলে খাবারের ব্যবস্থা করা হবে।”

বর্তমানে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights