খাগড়াছড়িতে ‘পাহাড়খেকো’দের আগ্রাসন: ২ মাটি কাটার যন্ত্র জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় ধ্বংসকারী বা পাহাড়খেকোদের তাণ্ডব থামছেই না। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিন কিংবা রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে পাহাড় কাটার কর্মযজ্ঞ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত এক বছরে অন্তত অর্ধশতাধিক পাহাড় সাবাড় করেছে একটি প্রভাবশালী চক্র। পাহাড় রক্ষায় প্রশাসনের নিয়মিত তৎপরতা থাকলেও দমানো যাচ্ছে না এই ধ্বংসযজ্ঞ।

এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে মানিকছড়ির খাড়িছড়া এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কাটায় ব্যবহৃত দুটি স্কেভেটর (মাটি কাটার যন্ত্র) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের খবর পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা বলেন, ‘বেশ কয়েকটি পাহাড় কাটার আলামত পাওয়া গেছে। দুটি স্কেভেটর জব্দ করা হয়েছে। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য প্রিয়লাল চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মান্নান, থানার এসআই তারেকুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights