খাগড়াছড়িতে বিরল প্রজাতির হিমালয়ান গ্রীফন শকুন উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে বিরল প্রজাতির একটি হিমালয়ান গ্রীফন শকুন উদ্ধার করেছে বন বিভাগ। আজ সোমবার বিকেলে খাগড়াছড়ি বিভাগের বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় শকুনটি অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মো. মোশারফ হোসেনের নেতৃত্বে বন বিভাগের একটি দল সেখানে যান। এ সময় শকুনটিকে নিরাপদে উদ্ধার করে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়।
বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সেবা ও পরিচর্যা দেওয়া হবে। সুস্থ হয়ে উঠলে পরবর্তীতে এটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
উদ্ধার কার্যক্রমের সময় খাগড়াছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মোশারফ হোসেনসহ বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উদ্ধারকৃত একটি হিল ময়না প্রকৃতিতে অবমুক্ত করেন বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।
