খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা, কমছে বন্যার পানি
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়িতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ রয়ে গেছে। এই সংকটময় মুহূর্তে দুর্গত ও পানিবন্দি মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। মহালছড়ি সেনা জোনের বিশেষ মেডিকেল টিম নদীপথে ইঞ্জিনচালিত নৌকায় করে বিভিন্ন দুর্গম এলাকার শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিচ্ছে।
এদিকে, চেংগী ও মাইনী নদীর পানি নেমে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া তিনটি সড়কেই যানবাহন চলাচল করছে। প্রশাসন ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে।
মহালছড়ি সেনা জোনের ক্যাপ্টেন রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) জানান, বন্যা পরিস্থিতিতে অনেক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফের নির্দেশনায় একটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়।
তিনি আরও বলেন, যেসব এলাকার মানুষ বন্যার কারণে চিকিৎসা নিতে পারছেন না, ‘আমরা তাদের দোরগোড়ায় পৌঁছে চিকিৎসাসেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মহালছড়ি সেনা জোনের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এমন উদ্যোগকে প্রশংসা করেছেন। তারা জানান, দুর্গম ও পানিবন্দি এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা উপকৃত হচ্ছেন।
