খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রার্থিতা ফিরে পেলেন রতন চাকমা ও দীনময়

খাগড়াছড়ি প্রতিনিধি

নির্বাচন কমিশনে (ইসি) আপিলের মাধ্যমে খাগড়াছড়ি-২৯৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী দীনময় রোয়াজা তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

সোমবার বিষয়টি দুই প্রার্থী নিজ নিজভাবে নিশ্চিত করেছেন।

সোনা রতন চাকমা জানান, এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় কয়েকজন ভোটারের নম্বর অসম্পূর্ণ থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় তার মনোনয়নপত্র বাতিল করে। পরে নির্বাচন কমিশনে আপিল করলে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। তিনি বলেন, এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা অত্যন্ত কঠিন। সামান্য ভুলের জন্য ঢাকায় এসে আপিল করতে হওয়াটা ভোগান্তির। এ ধরনের ছোটখাটো ত্রুটি জেলা নির্বাচন অফিসেই সমাধান করা সম্ভব। এ বিধান পুনর্বিবেচনার দাবি জানান তিনি।

অন্যদিকে গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা বলেন, তার ব্যাংক হিসাবসংক্রান্ত একটি ছোট সমস্যার কারণে মনোনয়ন বাতিল হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খাগড়াছড়ি জেলায় মোট ১৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। এদের মধ্যে তিনজন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন।

বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন—বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তাফা এবং স্বতন্ত্র প্রার্থী সন্তোষিত চাকমা, লাব্রিচাই মারমা ও জিরুনা ত্রিপুরা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ সমর্থক না থাকা এবং অন্যদের প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে মনোনয়ন বাতিল করা হয়েছিল।

নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্তের ফলে খাগড়াছড়ি-২৯৮ আসনে বর্তমানে ৯ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights