খাদ্যবান্ধব কর্মসূচির ১১৬ বস্তা চাল জব্দ

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির তিন হাজার ৪৮০ কেজি (১১৬ বস্তা) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার উচাখিলা বাজারর একটি গোডাউন ও দোকান থেকে এসব চাল জব্দ করেন উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদে জানতে পারি উচাখিলা বাজারে একটি গোডাউনে বিপুল পরিমাণ খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত আছে। এমন সংবাদ পেয়ে রাতেই অভিযান চালিয়ে উচাখিলা বাজারের মানিক মিয়ার গোডাউন থেকে ৩০ কেজির ১০৭ বস্তা চাল জব্দ করা হয়। একই বাজারের আব্দুস সাত্তারের দোকান থেকে আট বস্তা চাল জব্দ করা হয়।
মো. আনোয়ার হোসেন বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির তিন বস্তা চাল কিনে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন এক লোক। অভিযানের খবরে ওই লোক তিন বস্তা চাল রাস্তায় ফেলে রেখেই চলে যান। পরে ওই চালও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দ ১১৬ বস্তা চাল সরকারি খাদ্যগুদামে নেওয়া হচ্ছে। অভিযান হবে এমন খবর পেয়ে অসাধু ব্যবসায়ীরা আগেই পালিয়েছে। যে কারণে কাউকে আটক সম্ভব হয়নি। সকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিন বলেন, বিষয়টি জানার পর চাল উদ্ধারের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights