খাদ্যের সন্ধানে লোকালয়ে মুখপোড়া হনুমান
দিনাজপুর প্রতিনিধি
বন-জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে দিনাজপুরের ফুলবাড়ীর লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট মুখপোড়া হনুমান। কেউ দেখে ভয় পাচ্ছে আবার কিছু ছেলেরা তাকে দেখে ঢিল মারছে। এভাবে সে এক এলাকা থেকে অন্য এলাকা ছুটাছুটি করছে প্রানীটি।
বাঁশঝাড়, টিনের চাল, ঘরের উঠানে, লোকালয়ের বিভিন্ন বাসাবাড়িতে ও গাছের ডালে দৌড়াদৌড়ি দেখে অনেকেই ক্ষুধার্ত হনুমানটিকে খাবারও দিচ্ছে ও সে খাবার ভয়ে ভয়ে নিয়ে খাচ্ছে। মুখপোড়া হনুমানটিকে দেখতে অনেকে ভিড় করছেন।
সোমবার ফুলবাড়ী পৌরশহরের উপজেলা পরিষদ রোডের চকচকা এলাকার গণমাধ্যমকর্মী সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপুর বাড়ির সীমানা প্রাচীরের ওপর বসে থাকতে দেখা যায় হনুমানটির। বাড়ির সীমানা প্রাচীরের ওপর অবস্থানকালে অমর চাঁদ গুপ্ত ও তার পরিবারের লোকজন হনুমানটিকে খাবার জন্য গাজর, আলুসহ বিভিন্ন প্রকার ফল দেন। এসময় প্রাচীরের ওপর খাদ্যের সঙ্গে পানিও রাখা হয়। ফলমূল খাওয়া শেষে পানি খেয়ে দীর্ঘক্ষণ অবস্থান করার পর সেখান থেকে ছুটছে কখনো বিল্ডিংয়ের ছাদে, কখনো গাছের মগডালে, বাড়ির ছাদে আবার কারো টিনের চালে।
এর আগে ফুলবাড়ীর বেতদিঘী ইউপির মেলাবাড়ী পরবর্তীতে খয়েরবাড়ী ইউপির লালপুরে ও বর্তমানে পৌর এলাকায় দেখা যাচ্ছে হনুমানটিকে।
স্থানীয় হোটেল ব্যবসায়ী সৈয়দ হোসেন ভুট্টু বলেন, এটি একটি মুখপোড়া হনুমান। হনুমানটির মধ্যে শান্ত ভাব রয়েছে। কারো কোনো ক্ষতি করছে না। খাবার খেয়ে সে এক গাছ থেকে অন্য গাছে চলে যাচ্ছে।
মধ্যপাড়া বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন সাংবাদিকদের বলেন, দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানকে এলাকাবাসী যেন কোনো ক্ষতি বা বিরক্ত না করেন, সে বিষয়ে সবার সচেতনতা দরকার। কিছুদিন পর আবার সে তার এলাকায় ফিরে যাবে। যদি লোকালয়ে হনুমানের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, তবে এটি ধরে বনাঞ্চল ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে।
