খায়রুল হকের জামিন শুনানি পেছাল
অনলাইন ডেস্ক
জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে আবদুল কাইয়ুম হত্যা মামলা বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের করা আবেদনের শুনানি পেছানো হয়েছে। হাইকোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামী ২৬ অক্টোবর শুনানি অনুষ্ঠিত হবে।
আজ রবিবার হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানির কথা ছিল। তবে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন নির্ধারণ করা হয়।
গত ১১ আগস্ট এ বি এম খায়রুল হকের পক্ষে করা আবেদনের শুনানিকে কেন্দ্র করে আদালতকক্ষে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল। ওইদিন আদালত শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে।
এ মামলার কার্যক্রম স্থগিত ও জামিন চেয়ে সাবেক বিচারপতি খায়রুল হক ৭ আগস্ট আবেদনটি করেন। এরপর ১১ আগস্ট কার্যতালিকায় আবেদনটি ১৮ নম্বর ক্রমিকে উঠে। সেদিন বিকাল ৩টার পর খায়রুল হকের পক্ষে আবেদন শুনানি করতে চাইলে রাষ্ট্রপক্ষ থেকে সময়ের আবেদন জানানো হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরপর আদালত শুনানির জন্য ১৭ আগস্ট দিন রাখেন।
চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের বাবা আলাউদ্দিন গত ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় স্বৈরাচার শেখ হাসিনাসহ ৪৬৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
