খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাবি থেকে যাচ্ছে ১৫ বাস
অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে ১৫টি বাস মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসুর উদ্যোগে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়ার জানাজার নামাজ বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও তৎসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় শিক্ষার্থীদের জন্য ২টি বাস টিএসসিতে, ৩টি বাস কার্জন হলে এবং ৫টি বাস ভিসি চত্বরে অবস্থান করবে। একই সময় শিক্ষকদের জন্য ২টি এসি মিনিবাস কলা ভবনের বাইরের গেটে অবস্থান করবে। প্রক্টর ও সহকারী প্রক্টরদের জন্য ১টি এসি মিনিবাস প্রক্টর অফিসের সামনে অবস্থান করবে। কর্মকর্তাদের জন্য ১টি মিনিবাস এবং কর্মচারীদের জন্য ১টি বাস প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবে।
এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
