খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় আদালতের সামনে দুই আসামিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, ফজলে রাব্বি রাজন (২৫) এবং আসিফ (৩৫)। নিহত রাজন রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইজাজ শেখ। নিহত আসিফের বাড়িও রূপসা উপজেলার বাগমারা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাজন ৬টি ও আসিফ একাধিক মামলার আসামি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আসামিরা আজ রবিবার দুপুরে আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে খুলনা মহনগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানা-পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, রাজনকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। অপরজন আসিফ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে আমরা শুনেছি। নিহত রাজনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। আসিফের নামেও একাধিক মামলা আছে। দুইজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশ বলছে, এটি পরিকল্পিত টার্গেট কিলিংয়ের ঘটনা। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, এ ঘটনার পর পুরো আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনজীবী ও সাধারণ মানুষ প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ- আদালত চত্বরে এ ধরনের ঘটনা নিরাপত্তাব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights