খুলনায় পুলিশের মামলায় বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও ভাঙচুরের মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার আসামিদের মধ্যে ১০ জন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক মমিনুন নেছা জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করেন।
১৭ জুলাই নগরীর ডাকবাংলা সোহরাওয়ার্দী স্কুলের সামনে পুলিশের ওপর হামলা ও পিকআপ গাড়ি ভাঙচুরে অভিযোগে মামলা হয়। ২৭ জুলাই হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন আসামিরা।

নেতাকর্মীরা হচ্ছেন যুবদলের কেন্দ্রিয় সহ সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ ইবাদুল হক রুবায়েদ, মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি হেলাল আহমেদ সুমন, বিএনপি নেতা মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, শেখ নাদিমুজ্জামান জনি, মো. নাসিম, রবি, হেলাল হোসেন গাজী, বেলাল হোসেন গাজী ও খায়রুজ্জামান সজীব।
এর মধ্যে রুবায়েদ আগে থেকে আলাদা মামলায় কারাগারে রয়েছেন ও হেলাল আহমেদ আদালতে উপস্থিত হননি। আসামিপক্ষের আইনজীবী চৌধুরী তোহিদুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৭ জুলাই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে তারুণ্যের সমাবেশ শুরুর আগে সোহরাওয়ার্দী স্কুলের সামনে পুলিশের পিকআপ গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় দায়িত্বরত পুলিশ সদস্য জখম, পুলিশের কাজে বাধা প্রদানসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষতিসাধন করা হয়। এ ঘটনায় খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights