খুলনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ৯৮৭টি পরিবার
খুলনায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পাচ্ছেন আরও ৯৮৭টি হতদরিদ্র পরিবার। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় দুই শতাংশ খাসজমির বন্দোবস্তসহ দুই কক্ষের সেমিপাকা ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। এসব ঘরের সাথে প্রতিটিতে একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা থাকবে। এর মধ্যে প্রস্তুত হওয়া ২৩৬টি ঘরের চাবি ও জমির দলিল তুলে দেওয়া হবে বুধবার। ওই দিন একই সাথে প্রধানমন্ত্রী সারাদেশে ২২ হাজার ১০১টি ভূমিহীন পরিবারকে ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
সোমবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
তিনি বলেন, ১ম পর্যায়ে খুলনায় ৯২২টি, ২য় পর্যায়ে ১৩৫১টি ও ৩য় পর্যায়ে ৯০৬টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ ধাপে এবার ৯৮৭টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে খুলনায় ৫০৭৮টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, চলমান হালনাগাদ তালিকা অনুযায়ী দিঘলিয়ার ৩৮১টি ভূমিহীন পরিবারের সবাইকে জমি ঘর প্রদান করা হয়েছে। এ কারণে জেলায় প্রথমবারের মতো দিঘলিয়াকে ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হচ্ছে।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন হতে তেরখাদা ‘বারাসাত সোনার বাংলা পল্লী’ তে ভিডিও কনফারেন্সিংএর মাধ্যমে সরাসরি সংযুক্ত হবেন। উদ্বোধনের আগেই উপকারভোগী পরিবারের হাতে নির্মিত ঘর বুঝিয়ে দেওয়া হবে।
পাশাপাশি উপকারভোগীদের হাতে কবুলিয়ত দলিল নামজারি ডিসিআর ও ঘর প্রদানের সার্টিফিকেট দেওয়া হবে। নির্মিত ঘরে বিদ্যুৎ ও পানি সংযোগ নিশ্চিত করা হবে।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মুনিম লিংকন উপস্থিত ছিলেন।
