খেয়া পারাপারে অতিরিক্ত টাকা আদায়, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীর বুড়ীশ্বর নদীতে খেয়া পারাপারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে এক মাঝিকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তালতলির নকরি টু লতাঘাটা খেয়াঘাটে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা এই কারাদণ্ডের রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে নকরি- লতাঘাটা বুডীশ্বর নদীতে খেয়া পারাপারে ইজারাদার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। জেলা পরিষদের মূল্য তালিকায় জনপ্রতি ভাড়া ২০ টাকা থাকলেও প্রায় সময় ৪০ টাকা আদায় করা হতো। এ নিয়ে মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছিল।

সোমবার সন্ধায় তালতলীর নকরি খেয়াঘাটে অভিযানে ঘটনার সত্যতা পাওয়া গেলে আদালতের বিচারক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় খেয়া মাঝি ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে রফিক মোল্লাকে (৪০) ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে ইজারাদার জসীমউদ্দীনের মোবাইলে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা প্রমাণিত হওয়ায় মাঝিকে ৫ দিনের দণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ওই সময় যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, তাদের সবাইকে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights