খেলাধুলা ও বিতর্ক চর্চায় জেলা পরিষদের সহযোগিতা থাকবে : শামীম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
তিনি বলেন, বর্তমানে খেলাধুলার চর্চা অনেকটাই কমে গেছে। এটি আবারও বাড়াতে হবে। শিক্ষামূলক ও ক্রীড়া কার্যক্রমে জেলা পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে। বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা ও বিভিন্ন শিক্ষামূলক আয়োজন যারা করবেন, তারা আমার কাছে আসবেন। আমি যতদিন জেলা পরিষদে আছি, শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আমার দরজা খোলা থাকবে।
শুক্রবার নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ‘৩য় এনজিএইচএসডিএস জাতীয় এশীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব দাশের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মুহাম্মদ সাইফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারেং বাংলাদেশের ফাউন্ডার মিনহাজুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, দৃষ্টি চট্টগ্রামের সদস্য আবু জুনায়েদ আসাদ, ইকুইটি অফিসার ইসরাত জাহান শম্পা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ডিবেট ক্লাবের সাবেক সভাপতি ডা. মেহজাবিন মাহি।
এসময় নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি নির্ঝর দেব, সাধারণ সম্পাদক নাবিল রহমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তন্ময় তাহসিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেটের সহ-সভাপতি তানভীন কায়েস উপস্থিত ছিলেন।
