খোকসার প্রত্যন্ত গ্রামে প্রথমবার পাঁচ কিলোমিটার ম্যারাথন
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসার প্রত্যন্ত গ্রামে প্রথমবারের মতো পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং রক্তদানে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।
বুধবার সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গী ঈদমাঠ থেকে প্রতিযোগিতা শুরু হয়। বিভিন্ন গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে আমবাড়িয়া নতুন বাজারে গিয়ে দৌড় শেষ হয়। স্বেচ্ছাসেবী সংগঠন আমবাড়িয়া ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শতাধিক প্রতিযোগী অংশ নেন।
আয়োজকেরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং সমাজে রক্তদানের সচেতনতা বাড়াতেই এ আয়োজন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রায় ২০ মিনিটে পাঁচ কিলোমিটার দৌড়ে প্রথম হন কুষ্টিয়া জেলা দলের রোহান মণ্ডল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমবাড়িয়া ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি হাফেজ মো. আব্দুল আলিম। উপস্থিত ছিলেন আমবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবু সায়েম মোল্লা, গোসাইডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ, গোপকগ্রাম মডেল ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. সুমন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
