গজারিয়ায় ইস্পাত কারখানায় শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি ইস্পাত কারখানায় মোহাম্মদ আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলীর বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। তিনি প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগে কাজ করতেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে নাইট শিফটে কাজ করছিলেন প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগের ফোরম্যান মোহাম্মদ আলী। রাত তিনটার দিকে মেশিনে রড চেক করার সময় রড উৎপাদনের জন্য গরম করা বিলেট তার মাথায় লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে শনিবার (২৬ এপ্রিল) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।

বিষয়টি সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক কাউছার আহমেদের মুঠোফোন একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে সকাল নয়টায় গজারিয়া থানায় উপস্থিত হয়ে কোম্পানিটির প্রতিনিধি খোরশেদ আলম বলেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা এসেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলছি। ময়নাতদন্তের পর লাশ তাদের বুঝিয়ে দেওয়া হবে।

গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights