গণঅভ্যুত্থানের সময় কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া সাকিব ওরফে বাবু (২৩) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ফাঁসির আসামিকে গ্রেফতার করেছে অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার এটিইউর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বিষয়টি নিশ্চিত করেন।

এটিইউ জানায়, আসামি সাকিব ওরফে বাবু ও তার সহযোগীরা ২০২০ সালের ২৫ জুন পারস্পরিক যোগসাজসে শরীয়তপুর জাজিরা থানাধীন পূর্ব নাওডোবা হাজী কালাই মোড়লের কান্দি গ্রামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাকিল মাদবরকে (১৫) অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন। কিন্তু মুক্তিপণ না পাওয়ায় আসামিরা শাকিল মাদবরকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে স্থানীয় নির্মাণাধীন রেল সেতুর পাশে পুঁতে রাখেন। ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা হয়।

মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে আদালত বিচারকার্য সমাপ্তির পর সাকিব ওরফে বাবুকে মৃত্যুদণ্ড দেন। তিনি গ্রেফতার হয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ছিলেন।

কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে আসামি সাকিব ওরফে বাবু গত বছরের ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে আত্মগোপন চলে যান। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ পরবর্তীতে মামলা দায়ের করে। গ্রেফতার এড়াতে আসামি দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।

এটিইউর একটি দল জিএমপির কোনাবাড়ী থানার অধিযাচনপত্রের ভিত্তিতে এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights