গণতন্ত্র সমুন্নত রেখে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে: স্পিকার

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেছেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। দীর্ঘ সংগ্রাম আর ত্যাগ-তিতিক্ষার পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রেখে আগামী দিনে অর্থনৈতিক মুক্তির পথ আরও সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ জামাতে শেষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, বর্তমানে মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই। মানুষ বাকস্বাধীনতা ভোগ করছে। রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে আর নিগৃহীত হতে হবে না। এটিই গণতন্ত্রের সুফল। তিনি আশা করেন, বাংলাদেশে গণতন্ত্র স্থায়ী রূপ পাবে এবং ভবিষ্যতে কেউ কাউকে নিপীড়ন করতে পারবে না।

এ সময় লালমোহন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। ঈদ জামাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights