গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা : আলী রীয়াজ

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

সোমবার সকালে ময়মনসিংহের টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন।

আলী রীয়াজ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবশ্যই গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন, এতে কোনো বাধা নেই। দেশে যেন অতীতের শাসনের পুনরাবৃত্তি না হয়। গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমেই তা নিশ্চিত হবে।

তিনি বলেন, এক ব্যক্তির ইচ্ছায় যেন দেশ পরিচালিত না হয়, সে দায়িত্ব শহীদরা দিয়ে গেছে। জুলাই গণ-অভ্যুত্থান এই সরকারকে যে দায় অর্পণ করেছে, সেটি হচ্ছে রাষ্ট্রের সংস্কার, মানবতাবিরোধীদের বিচার ব্যবস্থা সুনিশ্চিত করা এবং একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জবাবদিহিমূলক রাষ্ট্র, স্বাধীন বিচারবিভাগ ও ইনসাফ কায়েমের জন্য হ্যাঁ ভোট দিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। এতে ময়মনসিংহ বিভাগের চার জেলার প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights