গতিতে উসাইন বোল্টকে হার মানাল চীনা রোবট?
অনলাইন ডেস্ক
ট্র্যাকে দ্রুততম মানব হিসেবে উসাইন বোল্টের সর্বকালের সেরা রেকর্ডের কথা ক্রীড়াপ্রেমীদের সবারই জানা। তবে এবার সেই রেকর্ড ভাঙার দাবি তুলে বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে এক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান। হংঝৌভিত্তিক রোবোটিক্স প্রতিষ্ঠান ‘ইউনিট্রি’ সম্প্রতি তাদের তৈরি নতুন একটি হিউম্যানয়েড (মানব সদৃশ) রোবটের ভিডিও প্রকাশ করেছে। এই রোবটের গতি দেখে হতবাক নেটদুনিয়া।
‘সুপারম্যান’ নামের এই হিউম্যানয়েড রোবটটি নাকি দৌড়ানোর ক্ষেত্রে গতিবিদ্যার আগের সব ধারণাকেই বদলে দেওয়ার সক্ষমতা রাখে।
প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, মাত্র তিন মাসের কিছু বেশি সময়ে তৈরি এই শক্তিশালী রোবটটি পরীক্ষায় সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ১২.৬৬ মিটার গতি তুলতে সক্ষম হয়েছে, যা ঘণ্টায় দাঁড়ায় প্রায় ৪৫.৬ কিলোমিটার। ২০০৯ সালে বার্লিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ড গড়ার পথে উসাইন বোল্টের সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছিল প্রতি সেকেন্ডে ১২.৪২ মিটার। সেই হিসাবে তাত্ত্বিকভাবে রোবটটির এই গতি বোল্টের স্প্রিন্ট পিকের চেয়েও কিছুটা বেশি। শুধু দ্রুত দৌড়ানোই নয়, লাফানোর ক্ষেত্রেও বিস্ময়কর দক্ষতা দেখিয়েছে ০.৮৫ মিটার দীর্ঘ পায়ের এই রোবটটি। এটি এক জায়গায় দাঁড়িয়েই প্রায় দুই মিটার বা প্রায় সাড়ে ছয় ফুট উঁচু লাফ দিতে পারে।
তবে এই দুর্দান্ত পারফরম্যান্সের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। অনেকেই প্রযুক্তির এই অভাবনীয় উন্নতি দেখে রোমাঞ্চিত হলেও গবেষক ও বিশ্লেষকরা কিছুটা সতর্ক অবস্থান নিচ্ছেন। তাদের মতে, কোনো নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে এখনও এই গতির সত্যতা যাচাই করা হয়নি। তাছাড়া, একজন মানুষের দীর্ঘ ১০০ মিটার রেসের পূর্ণাঙ্গ দৌড় এবং ল্যাবরেটরির নিয়ন্ত্রিত পরিবেশে পাওয়া রোবটের সর্বোচ্চ পিক স্পিডের তুলনা সরাসরি টানা যুক্তিযুক্ত নয়।
সূত্র: এনডিটিভি
