গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন জয়পুরহাট পুলিশ সুপার

জয়পুরহাট প্রতিনিধি

শীতের রাতে জবুথবু হয়ে ঘুমিয়ে আছেন ছিন্নমূলরা। কেউ চাদর, আবার কেউ গামছা-লুঙ্গি কিংবা ছেড়া কাঁথা গায়ে জড়িয়ে ঘুমাচ্ছেন। তবে পৌষের শীত তা মানছে না। থরথর করে কাঁপছে শরীর।

জয়পুরহাটে শীতের তীব্রতা বাড়ায় গভীর রাতে পথে পথে ছিন্নমূল ও শীতার্ত মানুষ খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন পুলিশ সুপার মোহম্মদ আবদুল ওয়াহাব।

রবিবার দিবাগত গভীর রাতে পৌর শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্ট, জয়পুরহাট রেলস্টেশনের প্লাটফর্মে শীতবস্ত্রহীন অসহায়, হতদরিদ্র, পথশিশু ও প্রতিবন্ধী মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। প্রচণ্ড শীতের মধ্যে শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেন অসহায় শীতার্তরা।

পুলিশ সুপার মোহম্মদ আবদুল ওয়াহাব বলেন, পেশাদারিত্বের কারণে অনেক সময় রাতে বের হতে হয়। তখন দেখেছি ছিন্নমূল মানুষের করুণ দৃশ্য। এ থেকেই রাতে শীতবস্ত্র নিয়ে তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেছি।

তিনি বলেন, “পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। হোক তা প্রকাশ্যে অথবা গোপনে অথবা নীরবে। তারই ধারাবাহিকতায় রাতে শীতবস্ত্র নিয়ে বের হয়ে দেখলাম এই শীতে মানুষ কত কষ্ট করে রাতযাপন করছে।”

“তাই তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেছি। আশা করি, দেশের বিত্তবানরা শীতার্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক কাজে এগিয়ে আসবেন,” যোগ করেন তিনি।

এসময় পুলিশ সুপারের সঙ্গে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights