গাংনীতে চাঁদার দাবিতে চিরকুট ও বোমা সদৃশ বস্তু রেখে প্রবাসীকে হুমকি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে দেড় লাখ টাকা চাঁদার দাবিতে চিরকুট ও দুটি বোমা সদৃশ বস্তু রেখে প্রবাসীর পরিবারকে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। রবিবার সকালে উপজেলার কাথুলী ইউনিয়নের সহগোলপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মিঠুনের বাড়ির পাশ থেকে বস্তুগুলো উদ্ধার করে পুলিশ।

মিঠুন সহগোলপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, চিরকুটে প্রবাসীর পরিবারের কাছে এক লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে প্রাণ ও সম্পদের ক্ষতির হুমকি দেওয়া হয়। পাশাপাশি একটি মোবাইল নম্বর উল্লেখ করে নগদ বা বিকাশে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পরে স্থানীয়দের সহায়তায় গাংনী থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চিরকুটটিতে লেখা রয়েছে, ‘শ্রদ্ধেয় মামা সালাম নিবেন, আশা করি ভালোই আছেন। বিল্ডিং অনেক সুন্দর হয়েছে, অনেক টাকা খরচ তাই না? এলাকার বড় ভাইদের মিষ্টি দিলেন, তাই আমরা স্যোশাল মিষ্টি পাঠালাম। আমাদের মিষ্টি খাওয়ার জন্য এই নাম্বার ০১৯৩৬-০২৪২৫৩ নগদ ১ লাখ ৫০ হাজার টাকা পাঠিয়ে দিবেন, টাকা না দিলে ছেলে ও বিল্ডিং দুইটায় হারাবেন। নগদ বা বিকাশে টাকা না দিতে পারেন, তাহলে নারগিসের বাথরুমের পিছনে ২টা ৪৮ মিনিটের সময় রেখে আসবেন।’

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। উদ্ধারকৃত বোমা সদৃশ বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights