গাইবান্ধায় চুরি হওয়া সেই বাস হিলি থেকে উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা বাস টার্মিনাল থেকে চুরি হওয়া হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসটি দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানার শালাইপুর বাজার থেকে সন্ধ্যার দিকে উদ্ধার হয়। বাসটি গাইবান্ধায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
এর আগে, বৃহস্পতিবার ভোরে গাইবান্ধা টার্মিনাল থেকে বাসটি চুরি হয়।

গাইবান্ধা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাদশা বলেন, গাইবান্ধা-ঢাকা রোডের চেয়ার কোচ হানিফ পরিবহনের একটি বাস প্রতিদিনের মতো গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা হয়। বাসটি বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকায় যাওয়ার কথা ছিল। ভোরে কে বা কারা, এটি চুরি করে নিয়ে যায়।

পরে বাস চুরির ঘটনায় হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। চুরি হওয়া বাসটি উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছিল। কিছুক্ষণ আগে বাসটি দিনাজপুরের হিলি থেকে উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights