গাইবান্ধায় ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

গাইবান্ধায় প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ বাজারে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠনকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে গাইবান্ধা নিরাপদ খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের জেলা নিরাপদ খাদ্য অফিসার এ.এফ.এম সাজ্জাদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, গোবিন্দগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মামুন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে গোবিন্দগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে খাদ্যপণ্যের গুণগত মান, মূল্য তালিকা, ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, এবং ভোক্তা অধিকার সংক্রান্ত নানা বিষয় পরিদর্শন করা হয়। এসময় বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২১ হাজার জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য অধিদপ্তরের গাইবান্ধা জেলা নিরাপদ খাদ্য অফিসার এ.এফ.এম সাজ্জাদুল ইসলাম বলেন, বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় ৬ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ২১ হাজার জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি ভোক্তাদের অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights