গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণের দাবি

গাইবান্ধা প্রতিনিধি
ব্রহ্মপুত্র নদে বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণ বাস্তবায়ন কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আমিনুল ইসলাম গোলাপ, অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, মনজুর আলম মিঠু, গোলাম রব্বানী, মো. ইলিয়াস হোসেন, আতোয়ার রহমান, তাজুল ইসলাম বকুল, হাফিজার রহমান, রেজাইউল করিম, অ্যাডভোকেট ফরহাদ হোসেন, অ্যাডভোকেট ইমরান, অ্যাডভোকেট সালমান মাহমুদ নয়ন, মিজানুর রাহমান মাস্টার, আব্দুল হালিম, নাদিম হোসেন, মো. ফরহাদ মিয়া ও জিন্নু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, গাইবান্ধার সাথে জামালপুরসহ ঢাকার সড়ক যোগাযোগ ও রেল যোগাযোগ ব্যবস্থা একমাত্র টানেল নির্মাণের মাধ্যমেই সম্ভব। টানেল নির্মাণের ফলে জেলায় শিল্প কলকারখানা ও কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা সম্ভব। রংপুর বিভাগের ৮টি জেলা লালমনিরহাট, নীলফামারি, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, জয়পুরহাটসহ জামালপুর জেলার টানেল নির্মাণের মাধ্যমে হিলি স্থলবন্দর, সোনাহাট স্থল বন্দর, চিলাহাট স্থল বন্দর, সিলেট ও চট্টগ্রাম জেলার মতো সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ হবে ও পণ্য পরিবহন খরচ কম হবে। গাইবান্ধা জেলা উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে গেট ওয়ে শহরে পরিণত হবে। টানেল নির্মাণের মাধ্যমে উত্তরাঞ্চলের শিল্প ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ সম্ভব হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক জে এইচ মুজকুরি অনু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights