গাইবান্ধায় হত্যা মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি:
অনলাইন ভার্সন
গাইবান্ধায় হত্যা মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধায় এক হত্যা মামলার মূল আসামী সফিউল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার সফিউল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকার মৃত তনছের আলীর ছেলে। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হত্যা মামলার মূল আসামী।

বুধবার বিকাল ৫টার দিকে র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কামারজানি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা এলাকার এক ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন হত্যাকন্ডের শিকার খোকন। এরই একপর্যায়ে ২০২৩ সালের ১৩ মে ইটভাটার সর্দার আলম খোকনের স্ত্রীকে মোবাইল ফোনে জানান তার স্বামী বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই গ্রামের (বোট ঘাট) এলাকার বুড়িগঙ্গা নদীর পানিতে খোকনের লাশ ভেসে থাকতে দেখতে পান তার পরিবার। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ও অপমৃত্যু মামলা রুজু করা হয়।

পরে ময়নাতদন্ত রিপোর্টে শ্বাসরোধ জনিত কারণে খোকনের মৃত্যু হয়েছে জানা যায়। এরপর খোকনের স্ত্রী বুলবুলি বেগম (৩৮) বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় (৮ জুলাই) রাতে সিপিসি-৩, গাইবান্ধা, র‌্যাব-১৩, রংপুর অভিযান পরিচালনা করে। এসময় গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজার এলাকা থেকে ওই মামলার মূল আসামী সফিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights