গাইবান্ধায় ২টি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পৃথক স্থান থেকে দু’টি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। উপজেলার উদাখালি ইউনিয়নের হরিপুর ও সদর উপজেলার বানিয়ারজান এলাকা থেকে দু’টি বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে শকুনটি হঠাৎ ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর দুর্গা মন্দিরের পাশে আকাশ থেকে পড়ে। আহত শকুনটিকে রেজ্জাক আলী ও স্থানীয় কিছু লোকজন উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার আকাশে উড়িয়ে দেন। কিন্তু শকুনটি এক কিলোমিটার দূরে দাঁড়িয়ারপাতার এলাকায় গিয়ে আবারও একটি গাছে আটকা পড়ে।
পরে শকুনটি উদ্ধার করে শান্তিরমোড় এলাকায় নিয়ে আসা হয়। এরপর জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন ও উপজেলা প্রশাসনকে অবগত করেন স্থানীয়রা। পরে রাত সাড়ে ১০টার দিকে শকুনটি উদ্ধার করে গাইবান্ধা বন বিভাগ হেফজতে নেয়।
এদিকে, সোমবার সকালে গাইবান্ধা সদর উপজেলার বানিয়ারজান এলাকা থেকে আরও একটি শকুন উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় ও বন বিভাগের উদ্যোগে শকুন দুটি বর্তমানে নিরাপদে রয়েছে।
গাইবান্ধা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম শরিফুল ইসলাম মন্ডল বলেন, উদ্ধার হওয়া শকুন দু’টি বন বিভাগে রাখা হয়েছে। আজ দিনাজপুরের বীরগঞ্জ সিংড়া শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে হস্তান্তর করা হবে।
