গাইবান্ধায় ২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিন সরকার (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি ২৫০ সিসির মোটরসাইকেল, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের বোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহিন সরকার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগেরপাড়া এলাকার মধু সরকারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত একটি দল। এ সময় মহাসড়কে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় মোটরসাইকেলের চালক শাহিন সরকারের পিঠে ঝোলানো একটি ব্যাগ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় মোটরসাইকেল, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করেন অভিযানের কর্মকর্তারা।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শাহিন সরকারের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
