গাছের পরিচর্যার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধেও সচেতন হতে হবে : ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘একটি গাছ লাগানোই যথেষ্ট নয়। গাছকে বড়ো করে তুলতে যেমন নিয়মিত পরিচর্যার প্রয়োজন, তেমনি একটি শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও প্রয়োজন সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুস্থ সামাজিক পরিবেশ।’

শনিবার সকালে লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, একটি বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ব্যক্তি ও সমাজের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের রক্ষণাবেক্ষণেও সমান গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, বেড়ে ওঠার পথে শিশুরা নানা ধরনের অন্যায়, অবিচার, অপসংস্কৃতি ও সামাজিক ব্যাধির মুখোমুখি হয়। ফলে একটি সুস্থ, আদর্শ ও মূল্য বোধসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ সামাজিক অপরাধ ও অবক্ষয় দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যুবসমাজের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন সংকটে যুবসমাজ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এক্ষেত্রে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ত্রাণমন্ত্রী বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে সমাজের সব সমস্যা সমাধান সম্ভব নয়। আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধ এবং ব্যক্তিগত দায়িত্ববোধ সমানভাবে গুরুত্বপূর্ণ।

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষে বক্তব্য দেন জামাল হোসেন ও আয়সা সিদ্দিকা কথা।

অনুষ্ঠান শেষে ২৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে এক হাজার ৫০০টি গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী লালমনিরহাটের হাড়িভাঙ্গা এলাকায় আরডিআরএস পরিচালিত অন্ধ শিশুদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights