গাজাগামী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ থামাতে চায় ইসরায়েল

ইসরায়েলের সামরিক অবরোধ ভেঙে গাজার ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার তৎপরতায় পরিচালিত জাহাজ ‘ম্যাডলিন’। ইতালি থেকে ছেড়ে আসা জাহাজটি বর্তমানে মিসরের জলসীমায় রয়েছে। আশা করা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এটি গাজার উপকূলে পৌঁছাবে।

জাহাজটিতে রয়েছে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের ১২ জন মানবাধিকারকর্মী। তাদের মধ্যে আছেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে ও ব্রাজিলের থিয়াগো আভিলাসহ আরও অনেকে। তারা গাজার মানুষের দুর্দশার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর পাশাপাশি সেখানে জরুরি ত্রাণ পৌঁছে দিতে বদ্ধপরিকর।

জাহাজটি বহন করছে গাজার জন্য জরুরি সহায়তা—যার মধ্যে রয়েছে চিকিৎসা সরঞ্জাম, চাল, ময়দা, শিশুদের দুধ, ডায়াপার, স্যানিটারি পণ্য, বিশুদ্ধ পানি তৈরির কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ।

তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, এই জাহাজকে গাজার উপকূলে যেতে দেওয়া হবে না। তিনি এ অভিযাত্রাকে ‘ঘৃণার বহর’ আখ্যা দিয়ে দাবি করেন, এতে অংশ নেওয়া ব্যক্তিরা ‘হামাসের প্রচারক’। ইসরায়েল সেনাবাহিনী জাহাজটিকে থামাতে কী ব্যবস্থা নেবে, তা পরিষ্কার না হলেও তারা আগেই জানিয়েছে, কোনো জাহাজকেই গাজার অবরোধ ভাঙতে দেওয়া হবে না।

গত ১ জুন ইতালির সিসিলি থেকে যাত্রা শুরু করে ‘ম্যাডলিন’। এর নামকরণ করা হয়েছে গাজার প্রথম নারী মৎস্যজীবী ম্যাডলিন নামের এক সাহসী নারীর নামানুসারে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে।

উল্লেখ্য, ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এতে খাদ্য ও ওষুধের অভাবে কয়েকটি শিশু মৃত্যুবরণ করেছে। বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, গাজার ৯০ শতাংশের বেশি মানুষ বর্তমানে চরম খাদ্যসংকটে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights