গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ

অনলাইন ডেস্ক

গাজা উপত্যকায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে তেলআবিবের রাজপথ। শনিবার (৫ জুলাই) হাজারো ইসরায়েলি নাগরিক কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীরা সরকারের প্রতি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বন্দি বিনিময় চুক্তির দাবি জানান, যাতে জীবিত ও মৃত সব জিম্মির মুক্তি নিশ্চিত হয়।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানায়, বিক্ষোভকারীরা এমন একটি ‘সামগ্রিক ও বাছাইবিহীন চুক্তি’ দাবি করছেন যা শুধু অংশিক না হয়ে সবার মুক্তি নিশ্চিত করে।

এই বিক্ষোভে অংশ নেন জিম্মিদের স্বজনরাও, যারা মঞ্চে উঠে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তাদের দাবি, আর দেরি না করে হামাসের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করে জিম্মিদের ফিরিয়ে আনা হোক।

এদিকে, ইসরায়েলি সরকার ঘোষণা দিয়েছে, তারা দোহায় হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠাচ্ছে। মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, উভয় পক্ষের অবস্থান কিছুটা কাছাকাছি আসায় তারা একটি চুক্তির সম্ভাবনায় আশাবাদী।

ইসরায়েলের হিসাব মতে, বর্তমানে গাজায় ২০ জনের মতো ইসরায়েলি জিম্মি রয়েছে, যদিও প্রকৃত সংখ্যা প্রায় ৫০ জন হতে পারে। অন্যদিকে, ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছেন ১০ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে, এসব বন্দির অনেকেই নির্যাতন, খাদ্য সংকট ও চিকিৎসা অবহেলায় মৃত্যুবরণ করেছেন।

যদিও আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে, ইসরায়েল গত অক্টোবর থেকে গাজায় চালিয়ে যাচ্ছে রক্তক্ষয়ী হামলা, যা অনেকেই গণহত্যা হিসেবে বর্ণনা করছেন। গাজায় এখন পর্যন্ত ৫৭ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: আনাদলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights