গাজায় ঝড়ের কবলে ১২ মৃত্যু, থেমে নেই ইসরায়েলি হামলা
যুদ্ধবিদ্ধস্ত ফিলিস্তিনের গাজায় শক্তিশালী ঝড় বাইরনের আঘাতে বেশ কিছু ঘরবাড়ি, দেয়াল ও তাঁবু ধসে পড়েছে। যার কারণে ২৪ ঘণ্টায় অন্তত ১২ জন মারা গেছেন। তীব্র শীত আর ঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে উপত্যকা প্লাবিত হয়ে মানবিক সংকট আরও বেড়েছে।
প্রতিবেদনে জানা গেছে, সব কিছু হারানো ফিলিস্তিনিদের এই বিপর্যয়কর আবহাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার মতোও কিছুই ছিল না। ১২ জনের মধ্যে তীব্র শীতে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন শিশুও রয়েছে।
তিন শিশুর মধ্যে দুজন মারা গেছে আজ শুক্রবার। এর মধ্যে একজ শিশু তায়ম আল-খাওজা পরিবারসহ তারা গাজার পশ্চিমে আল-শাতি রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। একটি স্কুলে আশ্রয় নেওয়া ৯ বছর বয়সী হাদীল হামদানও শীতের কারণে মারা গেছে। ওই স্কুলে পুনর্বাসিতদের জন্য পর্যাপ্ত তাপ সরবরাহ ব্যবস্থা ছিল না।
এদিকে বেইত লাহিয়ায় একটি ভবন ধসে অন্তত পাঁচ ফিলিস্তিনি মারা গেছেন। অন্যদিকে রেমাল এলাকায় ক্যাম্পের তাঁবুর ওপর একটি প্রাচীর ধসে আরও দুজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
ঝড়ের এই তাণ্ডবের মাঝেও গাজায় ইসরাইলি বর্বরতা থেমে নেই। ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগে উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় দখলদারদের গুলিতে এক নারী নিহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৭০ হাজার ৩৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও কিছু সংস্থা বলছে, প্রকৃতপক্ষে এই নিহতের সংখ্যা আরও বেশি।
সূত্র: আল-জাজিরা, দ্য নিউ আরব
