গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে হামাসের সংশোধনী প্রস্তাবনা

অনলাইন ডেস্ক
গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে হামাস কিছু সংশোধনী দিয়ে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। হামাস জানিয়েছে, তারা ১০ জন জীবিত জিম্মি ও ১৮ জনের মরদেহ মুক্তি দিতে প্রস্তুত। যার বিপরীতে ইসরায়েলকে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে হবে। খবর দ্য গার্ডিয়ানের।

শনিবার (১ জুন) দেওয়া এক বিবৃতিতে হামাস জানায়, প্রস্তাবটি স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করতে চায়।

হামাসের সংশোধনী অনুযায়ী, ৬০ দিনের যুদ্ধবিরতির পুরো সময়জুড়ে ধাপে ধাপে জিম্মি মুক্তি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে, যা আগের প্রস্তাবে নির্ধারিত দুই ধাপে ছিল।

তবে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, হামাসের এই সংশোধনীকে তারা কার্যত প্রত্যাখ্যান হিসেবে দেখছেন।

ইতোমধ্যে ইসরায়েলজুড়ে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে গণবিক্ষোভ হয়েছে। মুক্তিপ্রাপ্ত জিম্মিদের পরিবারের সদস্যরা একটাই বার্তা দিয়েছেন, “এখনই চুক্তির সময়।”

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হামাসকে ‘সম্পূর্ণ ধ্বংস’-এর হুমকি দিয়েছেন যদি তারা প্রস্তাব না মেনে নেয়। অন্যদিকে, হামাস আশঙ্কা করছে যে, যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গ করে ফের যুদ্ধ শুরু করতে পারে, যেমনটি হয়েছিল মার্চ মাসে।

গত ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত ও ২৫০ জন জিম্মি হওয়ার পর ইসরায়েলের গাজা আগ্রাসন শুরু হয়। এ পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৫৪ হাজারেরও বেশি মানুষ। বর্তমানে প্রায় ২০ জন জিম্মি জীবিত বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights