গাজায় স্বল্প পরিসরে স্থল অভিযান নিয়ে যা বলছেন বিশ্লেষক

অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকায় বুধবার রাতভর ট্যাংক নিয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলের বাহিনী। ইহুদি সেনারা স্বল্প সময়ের এসব অভিযান শেষে আবার ইসরায়েলের ভূখণ্ডে ফিরে গেছে। বিশ্লেষকেরা বলছেন, উপত্যকাটিতে সর্বাত্মক স্থল হামলা শুরুর আগে এসব অভিযানের পেছনে কিছু কৌশল রয়েছে ইসরায়েলের।

ইরাকসহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের সংঘাত নিয়ে কাজ করা সাংবাদিক এলিজাহ ম্যাগনিয়ার আল–জাজিরাকে বলেন, গাজার উত্তরাঞ্চলে রাতভর অভিযানের পেছনে ইসরায়েলের- ফিলিস্তিনি যোদ্ধাদের ‘প্রস্তুতি ও সক্ষমতা’ যাচাই করে দেখার কৌশল রয়েছে।

এই সাংবাদিক বলেন, দ্রুত কোথাও হামলা চালানো ও ফিরে আসার মাধ্যমে দেখা যে তারা কতটা শত্রুর পাল্টা হামলার মুখে পড়ে। এভাবে কোনো এলাকায় বড় পরিসরে হামলা চালানোর আগে ওই এলাকার বিভিন্ন অংশে ছোট ছোট হামলা চালানো হতো।
বিরোধী পক্ষের সম্পর্কে গোয়েন্দা তথ্যের ঘাটতি থাকলে এমন অভিযান চালানো হয় বলে মনে করেন এলিজাহ ম্যাগনিয়ার। তার ভাষায়, ইসরায়েলি বাহিনী জানে (গাজায়) তাদের জন্য হামাস ও ইসলামিক জিহাদের হাজার হাজার যোদ্ধা অপেক্ষা করছেন। তবে তাদের প্রস্তুতি সম্পর্কে ইসরায়েলের হাতে যথেষ্ট গোয়েন্দা তথ্য নেই।

এলিজাহ ম্যাগনিয়ার বলেন, এসব অভিযানের একটি মনস্তাত্ত্বিক দিকও আছে। গাজায় পুরোদস্তুর স্থল অভিযান শুরু করতে নিজ দেশের ভেতরে যে চাপ রয়েছে, তা সামাল দিতে হচ্ছে ইসরায়েলি বাহিনীকে। ছোট ছোট অভিযানের মাধ্যমে তারা দেখাতে চাইছে, কোনো না কোনোভাবে তারা গাজায় প্রবেশ করছে। এ ছাড়া গাজার মতো তুমুল প্রতিকূল পরিবেশে বড় পরিসরে হামলা চালানোর জন্য এভাবে নিজেদের মনোবল বাড়িয়ে নিচ্ছে ইসরায়েলের সেনারা। কারণ, আজ অথবা কাল, গাজায় তাদের বড় হামলার জন্য ঢুকতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights