গাজীপুরকে ‘ক্লিন ও গ্রিন’ নগরী গড়তে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
গাজীপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৪ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এ সময় তিনি একটি নিমগাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজিলা খানম, প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদেরসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে গাজীপুর সিটি করপোরেশনকে ‘ক্লিন ও গ্রিন’ নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হবে। সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য গাজীপুর গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন সিটির প্রশাসক।
