গাজীপুরের ডিসির উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই হচ্ছে দরিদ্র বৃদ্ধার
অনলাইন ডেস্ক
বিধবা দরিদ্র বৃদ্ধা অর্চনা শীলের (৫৫) থাকার কোনো ঘর নেই। বুধবার (১১ নভেম্বর) মাথা গোঁজার জন্য ছোট একটি ঘরের দাবি নিয়ে তিনি গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নুরুল করিম ভুঁইয়ার সঙ্গে দেখা করেন।
সব শুনে অর্চনাকে ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।
অর্চনা গাজীপুর মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া এলাকার নিতাই শীলের মেয়ে। ডিসিকে অর্চনা জানান, তাঁর স্বামী ছিলেন সেলুন শ্রমিক। ছয় বছর আগে দুই মেয়ে রেখে তাঁর স্বামী মারা যান।
প্রতিবেশীদের সহায়তায় দুই মেয়েকে কিছুদিন আগে বিয়ে দিয়েছেন। অন্যের দেওয়া খাবার খেয়ে বেঁচে আছেন তিনি। এক টুকরা জমি থাকলেও টাকার অভাবে ঘর তৈরি করতে পারছেন না তিনি। আজ এ বাড়ি তো কাল ও বাড়িতে তাঁকে থাকতে হয়।
জেলা প্রশাসক নুরুল করিম ভুঁইয়া জানান, নানা পেশার, নানা বয়সের নারী-পুরুষ নানা সমস্যা নিয়ে তাঁর কাছে আসেন। বড় সমস্যার সমাধান করা না গেলেও ছোট সমস্যার সমাধান দেওয়া হচ্ছে। এতে তাঁরা উপকৃত হচ্ছেন। সমাজের বিত্তশালীরা অসহায় মানুষের দিকে এগিয়ে এলে মানুষের কষ্ট কমবে।
