গাজীপুরের শ্রমিক নেতা শহিদ হত্যার আসামি কক্সবাজারে গ্রেফতার

গাজীপুরের শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলার আসামি আকাশ আহমেদ বাবুলকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

শুক্রবার (১৪ জুলাই) ভোরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন থেকে তাকে গ্রেফতার করা হয়। কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার আকাশ আহমেদ বাবুল (৪৩) টাঙ্গাইলের মির্জাপুর থানার বটটেকি এলাকার সিদ্দীকুর রহমানের ছেলে।

মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, ২১ জুন গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় একটি গার্মেন্টসে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কথা বলতে যান শহিদুল ইসলাম শহিদ। সেখান থেকে ফেরার পথে গ্রেফতার আকাশসহ সংঘবদ্ধ ১২/১৩ জন দুর্বৃত্ত তাকে উপর্যুপরি আঘাত করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ছয়জনকে এজাহারভুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়। তারপর থেকে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। তারই অংশ হিসেবে শুক্রবার ভোরে কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে আকাশ আহমেদ বাবুলকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: শ্রমিক নেতা শহিদুল হত্যার সুষ্ঠু তদন্ত চাইলো মার্কিন প্রতিনিধি দল

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে শহিদ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, গ্রেফতার বাবুলকে গাজীপুরের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights