গাজীপুরে অগ্নিকাণ্ডে ১০০ ঘর ভস্মীভূত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের কোনাবাড়ির জরুন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনসেট কলোনির ১০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বিকেল ৫টার দিকে রুমেল পাঠানের মালিকানাধীন টিনসেট কলোনির একটি রুমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি—মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে কলোনির ১০০টি ঘরই পুড়ে ছাই।

এসব ঘরে গার্মেন্টস শ্রমিক ও খেটে–খাওয়া লোকজন বাস করতেন।

বাড়ির মালিক রুমেল পাঠান বলেন, ‘১০০টি ঘরই পুড়ে গেছে। ভাড়াটিয়ারা কোনো জিনিস বের করতে পারেনি। এখন তাদের মাথা গোঁজার ঠাঁইও রইল না।’

ঘর হারিয়ে হতাশ পোশাকশ্রমিক শাহ আলম বলেন, ‘কারখানায় ছিলাম। আগুনের খবর পেয়ে এসে দেখি সব শেষ। পরনের কাপড় ছাড়া কিছুই রইল না।’

অন্য শ্রমিক রহিমা বেগম বলেন, ‘কয়েক দিন আগে বেতন পেয়েছি। সব টাকা রুমে ছিল। খাট, টিভি, ফ্রিজ, কাপড়—সব পুড়ে শেষ। দিনের-রাতের পরিশ্রমের সব মুহূর্তেই শেষ হয়ে গেল।’

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights