গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন ঝাজর এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি মো. শাহ আলম জানান, মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার ঝাজর এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কাভার্ডভ্যানটি ভালুকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
গাজীপুরের চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কাভার্ডভ্যানে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট বের হয়। কিছু দূর যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনার খবর জানানো হলে আমাদের টিম ফিরে আসে।
