গাজীপুরে খুন-ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে একটি বাড়িতে খুন ও ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ। শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) মোহাম্মদ ইব্রাহীম খান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন-ময়মনসিংহের ত্রিশাল থানার পোড়াবাড়ী এলাকার মোঃ আব্দুল ছালামের ছেলে মোঃ আবু তাহের (২৯), গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকার মৃত সামরুদ্দিনের ছেলে মোঃ মফিজ উদ্দিন মফু (৩৭), একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল মালেক (৩২), মোঃ হাবিবুল্লাহর ছেলে মোঃ আজিজুল হাকিম (২৮) ও উত্তর সালনা পালোয়ান পাড়া এলাকার নুরুল ইসলাম পালোয়ানের ছেলে মোঃ খোকন মিয়া (৩০)।

সংবাদ সম্মেলনে জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) আবু তোরাব মো: শামছুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) রেজওয়ান আহমেদ উপস্থিত ছিলেন।
জিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) মোহাম্মদ ইব্রাহীম খান জানান, গত ১২ মার্চ রাতে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকার মেহজাবিন আক্তারের (৫০) বাড়িতে ৬/৭ জনের একদল ডাকাত হানা দেয়। পরে ডাকাতরা জানালার গ্রিল কেটে মেহজাবিন আক্তারের ছেলে মাহিউস সুনান চৌধুরীর (১৯) কক্ষে প্রবেশ করে। এক পর্যায়ে মাহিউস সুনান টের পেয়ে চিৎকার শুরু করলে ডাকাতরা তার হাত-পা ও মুখ বেঁধে গলায় চাদর পেচিয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে মেহজাবিন আক্তারের কক্ষ থেকে ডাকাতরা নগদ ২৫ হাজার টাকা ও ৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মেহজাবিন আক্তার তার ছেলেকে খুনসহ ডাকাতির ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে গত ২২ মার্চ ঢাকার খিলক্ষেত থেকে আবু তাহেরকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যমতে মেহজাবিন আক্তারের বাড়ির পাশের ধানক্ষেত থেকে জানালার গ্রিলকাটায় ব্যবহৃত একটি লোহার তৈরি কাটার উদ্ধার করা হয়। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৪ মার্চ অভিযান চালিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে অপর ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার মোঃ মফিজউদ্দিন মফু ও মোঃ আজিজুল হাকিমের কাছ থেকে ৫ হাজার টাকা করে লুণ্ঠিত ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ আবু তাহেরকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী অন্যান্য ডাকাতসহ মামলার বাদীর বাড়ীতে ডাকাতি সংঘটনকালে তার (বাদী) ছেলে মাহিউস সুনান চৌধুরীকে হত্যা করেছে বলে দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights