গাজীপুরে পিস্তলসহ গ্রেফতার ৩ ডাকাত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ডাকাতি প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ শামছুর রহমান।

জিএমপির উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ শামছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গেল রাতে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় বনের ভিতর ডাকতির প্রস্তুতি নিচ্ছিলো একটি ডাকাত দল। উক্ত সংবাদের ভিত্তিতেই রাতেই কাশিপুর থানার একটি চৌকসদল ঘটনাস্থলে গিয়ে দুই দিক থেকে ঘেরাও করলে ডাকাতদল দৌড়ে পালানোর চেষ্টা করে, এসময় তিন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে একটি হাইড্রলিক কাটার, একটি স্টিলের চাকু ও রেইনকোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামারা হলেন পাবনা জেলার মনির মোল্লা, বগুড়া জেলার বাদশা প্রমানিক, গাইবান্ধা জেলার রশিদুল।
সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদাত হোসেন সুমা, সহকারী পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো: আমির হোসেন, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সানোয়ার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights