গাজীপুরে বিয়েবাড়িতে মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কোনাবাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে মদ্যপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. সজিব (২০) ও মো. রনি মিয়া (২০)। ঘটনার ছয় দিন পর রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত সজিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জুলিয়ার বাজার এলাকার রাজ্জাকের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার বাইমাইল কাদের মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে কাঁচামালের ব্যবসা করতেন। অপরদিকে রনি মিয়া একই উপজেলার হাড়োয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি বাইমাইল কাদের মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে আশুলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই কোনাবাড়ীর বাইমাইল কাদের মার্কেট এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে সজিব ও রনি মদ্যপান করেন। পরদিন সকাল থেকে তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাদের কোনাবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর সাড়ে ৪টার দিকে সজিব এবং বিকেল পৌনে ৪টার দিকে রনি মিয়া মারা যান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সজিবের মৃত্যুর বার্তা পাওয়া গেছে। পরে অনানুষ্ঠানিকভাবে রনি মিয়ার মৃত্যুর খবরও জানা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করেছে।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, মদ্যপানের পর তারা অসুস্থ হয়ে পড়েন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights