গাজীপুরে শেখ রাসেলের জন্মদিন পালন

গাজীপুর প্রতিনিধি

কেক কাটা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা আয়োজনে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে।

বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ও গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলমের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। শেখ রাসেল দিবস উপলক্ষে কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানটি জেলা প্রশাসক কার্যালয় থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এরপর শেখ রাসেল দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি ও জেলা আইসিটি দপ্তর কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। পরে দিবসটি উদযাপন উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন শিশুদের নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নগর ভবন মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মেয়র জায়েদা খাতুন।
শেখ রাসেল দিবস উপলক্ষে দুপুরে গাজীপুর পুলিশ লাইন্স প্রাঙ্গণে গাজীপুর জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাজীপুর জেলার সভানেত্রী জিনিয়া ফারজানা। এরপর দিবসটি পালন উপলক্ষে একই স্থানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজমুস সাকিব খান প্রমুখ। পরে অতিথিরা শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কেক কাটা, আলোচনা সভাসহ অনুরূপ কর্মসূচি পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights