গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে। নিহতরা হলো-গাইবান্ধা জেলার সদর থানার সরকারপাড়া এলাকার সাজু মিয়ার দুই ছেলে মেহেদী হাসান (১৫) ও ইসরাফিল (৯)। স্থানীয় একটি স্কুলে মেহেদী নবম শ্রেণি ও ইসরাফিল তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করতো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার এস আই মো: হানিফ মিয়া জানান, সারদাগঞ্জ ভুইয়াপাড়া এলাকায় পরিবারসহ বাসা ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করেন সাজু মিয়া। কর্মস্থল থেকে মঙ্গলবার দুপুরে তিনি অন্য এক ব্যক্তির মোটরসাইকেল নিয়ে বাসায় আসেন। এসময় তার দুই ছেলে মেহেদী ও ইসরাফিল মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়। এক পর্যায়ে সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মেহেদী ও ইসরাফিল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পলাতক কাভার্ডভ্যানটি শনাক্তে কাজ চলছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights