গাজীপুরে সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল সমাবেশ

গাজীপুর প্রতিনিধি

বহুল আলোচিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ফাঁসির দাবিতে গাজীপুরে ঝাঁড়ু ও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুর শহর, টঙ্গীসহ বিভিন্ন স্থানে ঝাঁড়ু মিছিল ও বিক্ষোভ করেছে মহানগর বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগর বিএনপির কার্যালয় থেকে সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুলের নেতৃত্বে একটি বিশাল মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভাওয়াল রাজবাড়ী আদালত অঙ্গনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট নাছির উদ্দিন, চৌধুরী কামরুল ইসলাম, হাজী শেখ লিটন, শাহাদাত হোসেন, শাহিনুল ইসলাম, রাশেদ আলম রয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া টঙ্গীতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা একই দাবিতে ঝাঁড়– মিছিল বের করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টা করছে-এ ধরনের তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে অভিযান চালায়। এ সময় কিরণকে আটক করা হয়। শার্শার রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করার চুক্তি করেছিলেন কিরণ। পরে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়। বুধবার তাকে গাজীপুরে নিয়ে আসার কথা রয়েছে বলে জানা গেছে। বিনা পাসপোর্টে ভারতে যাওয়াসংক্রান্ত আইনে কিরণের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে গাজীপুর ও ঢাকার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যার অভিযোগ রয়েছে। গাজীপুর ও রাজধানীর উত্তরা থানায় একাধিক মামলার এজাহারে তার নাম রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights