গাজীপুরে হত্যা মামলায় গ্রেফতার ৪
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে এরশাদ হত্যা মামলার রহস্য উদঘাটন ও ৪ জনকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) আবু তোরাব মো: শামছুর রহমান।
গ্রেফতারকৃতরা হলো- শেরপুর জেলার শ্রীবর্দী থানার উত্তর ঘুনাপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো: ইমরান হোসেন ওরফে ইমরান মিশরী (৩৩), শেরপুর জেলার শ্রীবর্দী থানার কুরুয়া পশ্চিমপাড়া গ্রামের মো: মোজাফর আলীর ছেলে মো: শাহ আলম (৩০), গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ইটাহাটা গ্রামের মো: মোস্তফা কামালের ছেলে মো: শফিকুলইসলাম (২৫) এবং কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মোল্লাকান্দি গ্রামের মো: হোসেনের ছেলে শাকিল (২৬)।
সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) আবু তোরাব মো: শামছুর রহমান জানান, গত ২১ নভেম্বর মধ্যে রাতে ৯৯৯ ফোন পেয়ে বাসন থানার ভোগড়া উওরপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ডোবা থেকে হাত কাটা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে বাসন থানা পুলিশ। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে মৃত ব্যক্তি এরশাদ বলে শনাক্ত করে নিহতের মা। এ ঘটনায় নিহত এরশাদের মা শাহিনা আক্তার বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতার করে পুলিশ। বুধবার বিকেলে বাসন থানাধীন ইটাহাটা এলাকায় সাদ্দাম হোসেনের বাড়ি থেকে এরশাদ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ইমরান হোসেন, শাহ আলম, শফিকুল ইসলাম ও শাকিল নামে চারজনকে গ্রেফতার করে পুলিশ। এ হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো চাপাতি ও একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
